রাজধানীর মতিঝিলে মোদি বিরোধী বিক্ষোভ মিছিলে আটক হওয়া শিশুবক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানিকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকাল ৫টার দিকে তিনি ছাড়া পান।
মুক্তির বিষয়টি আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তির ফেসবুক লাইভ থেকে মাদানি নিজেই গাড়িতে বসে জানান। তখন তিনি নেত্রকোনায় তার মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হন। তার মাদ্রাসায় বৃহস্পিবার রাতে বাৎসরিক মাহফিল হওয়ার কথা রয়েছে।
রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন আলোচিত এই বক্তা। সেখানে তিনি হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হককে মাঠে নামার ডাক দেন।
তিনি লিখেন, আমার মুক্তির আত্মতৃপ্তিতে মূল বিষয় কেউ ভুলে যাবেন না, আমি আল্লামা বাবুনগরী আল্লামা মামুনুল হক্ব মুফতি ফয়জুল করীম (দা. বা.) কে বলব আপনারা ডাক দিন প্রয়োজনে এ দেশের জনগণ আপনাদের ডাকে এয়ারপোর্ট ঘেরাও করবে, তবুও মোদি আসতে পারবে না, কথা দিচ্ছি এয়ারপোর্ট পর্যন্ত আপনাদের ডাকে আমি অধম শহীদ হওয়ার জন্যও প্রস্তুত আছি।
এর আগে দুপুর ১২টার দিকে মতিঝিল শাপলা চত্বরে ছাত্র অধিকার পরিষদ মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। আধঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এ সময় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামসহ ১১ জনকে আটক করে পুলিশ।
বার্তাবাজার/এসজে