নানান বিতর্ক ও আন্দোলনের মধ্যে আগামীকাল (২৬ মার্চ) ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ঢাকায় আসবেন।
মোদির বাংলাদেশ সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে রাজধানী ঢাকাসহ তার সফরের তালিকায় থাকা এলাকাগুলো। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সীমিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হবে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা মূল উদ্দেশ্য হলেও মোদির সফরে ট্রানজিট, কানেক্টিভিটি, বাণিজ্য, পানিসম্পদ ব্যবস্থাপনাসহ দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা-সমঝোতার মাধ্যমে বিদ্যমান বন্ধুত্বের নব দিগন্তের সূচনা হবে বলে
আশাবাদ ব্যবক করেছে ঢাকা।
এদিকে মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের আন্দোলন চলমান রয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর মতিঝিলে যুব অধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকালে পুলিশ বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এছাড়া সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোদির সফরের প্রতিবাদে মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।
বার্তাবাজার/এসজে