ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি উৎপল দাসের নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবিদ হাসান রাসেল। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার প্রতিবাদে ‘জেয়াফত’ নামে একটি কর্মসূচী আহ্বান করে ‘বাংলাদেশের জনগণ’ নামের একটি প্ল্যাটফর্ম। কর্মসূচী শুরুর আগেই আন্দোলনকারীদের মারধর করে ব্যানার ছিনিয়ে নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনার ভিডিও ধারণ করেন রাসেল।
তখন রাসেলের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে নিস্তার দেয়নি ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি উৎপল দাসের নেতৃত্বে হামলাকারীরা। হামলা থেকে বাঁচতে রাসেল টিএসসির ভেতরে যাওয়ার চেষ্টা করলেও টিএসসি গেট বন্ধ থাকায় সেখানে গিয়ে তাকে পেটান হামলাকারীরা।
উপস্থিত অন্যদের তোলা ছবি থেকে হামলাকারীদের শনাক্ত করা যায়। সেখানে উপস্থিত ছিলেন জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হামজা, ছাত্রলীগ নেতা রাকিব হাওলাদার। উপস্থিত চার-পাঁচ জন বাঁশের লাঠি দিয়ে রাসেলের মাথা, পিঠ ও ডানহাতে মারধর করেন
হামলায় আহত সাংবাদিক আবিদ হাসান রাসেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
বার্তাবাজার/এসজে