নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে মশাল মিছিল বের করে ঢাকা প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিলটি বের হয়।
পরে মিছিলটি নীলক্ষেত এলাকা হয়ে এগিয়ে যাওয়ার সময় বাঁধার মুখে পড়ে গতিপথ পরিবর্তন করে। তখন তাদের হাতে থাকা মশালের আগুন নিভে যাওয়ায় লাঠি হাতেই মিছিল নিয়ে এগিয়ে যায়। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এসে তাদের মিছিল শেষ হয়।
এর আগে মঙ্গলবার (২৩ মার্চ) নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচী দেয় প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তখন নরেন্দ্র মোদির একটি কুশপুত্তলিকা ছিনতাই করে নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এর কিছুক্ষণ পরে আন্দোনলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ।
কিন্ত ওই হামলার কথা অস্বীকার করে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হামলার সাথে ছাত্রলীগ কোনোভাবেই জড়িত নয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে মতিঝিল বিক্ষোভ মিছিল করেন কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্ট সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ৩০ নেতাকর্মী ও পুলিশ আহত হয়। আটক করা হয় ৩৪ জনকে।
বার্তাবাজার/এসজে