করোনার ভুয়া অজুহাতে কর্মসূচি স্থগিত করেছে বিএনপি: সেতুমন্ত্রী

করোনার ভুয়া অযুহাতে বিএনপি সুবর্ণজয়ন্তীর কর্মসূচী বাতিলের ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৫ মার্চ) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার দুই মহানগর আওয়ামী লীগ আয়োজিত গণহত্যা দিবস স্মরণসভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

কাদের বলেন, ইতিহাসের অনেক মীমাংসিত বিষয় নিয়ে তারা চূড়ান্ত সত্যের মুখে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে জেনেই বিএনপি তাড়াহুড়ো করে ২৫ ও ২৬ মার্চ কর্মসূচি প্রত্যাহার করেছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার এত বছর পার হলেও পাকিস্তান ৭১-এর বর্বরোচিত নৃশংস হত্যার জন্য আজও দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা প্রার্থনা করেনি। স্বাধীন দেশ হিসেবে পাকিস্তানের কাছে আমাদের পাওনা আজও বুঝিয়ে দেয়নি। স্বাধীনতার এত বছর পরও তারা তাদের নাগরিকদের আমাদের ওপরে বোঝা করে রেখেছে।

আলোচনা সভায় মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর