ফেসবুকে ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের ছবির সাথে এক নারীর আপত্তিকর ছবি জুড়ে দিয়ে কটুক্তি করার অভিযোগে মেহেদী হাসান সুমন (৩০) নামে এক ছাত্রদল নেতার বিরোদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার (২৫ মার্চ) আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় আরও অজ্ঞাতনামা দুই-তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
জানা গেছে, মেহেদী হাসান সুমন সিংরইল ইউনিয়নের হরিপুর গ্রামের মোক্তার হোসেনের পুত্র। সে স্থানীয় ছাত্রদল নেতা।
মামলার বাদী সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রহুল আমীন বলেন, ওই ছাত্রদল নেতা ফেসবুকে এমপি তুহিনের সাথে এক নারীর আপত্তিকর ছবি জুড়ে দিয়ে স্ট্যাটাস দিয়েছে। এছাড়া সদ্য মেয়র নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করে আপত্তিকর মন্তব্য করেছেন। এজন্য এমপি তুহিনের রাজনৈতিক ও সামাজিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্য হয়েছে। তাই মেহেদী হাসান সুমনের নাম উল্লেখ করে বুধবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ মামলা রুজু করার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে বলেন, মিথ্যা মানহানিকর তথ্য প্রকাশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধে (২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন সংশ্লিষ্ট ধারা) মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর মেহেদী হাসানকে গ্রেফতার করে আজ (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হয়েছে।
মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার/হৃ.আর