চিচিংফাক, এ কি চমৎকার জাদু: সোহেল তাজ

দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি ও স্বাধীনতার ইতিহাস থেকে বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদকে ‘আড়াল’ করে দেওয়ার ইঙ্গিত দিয়ে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদমূলক পোস্ট করছেন বঙ্গতাজ পুত্র সোহেল তাজ।

আওয়ামী লীগ সরকারের সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বুধবার (২৪ মার্চ) দিনগত রাত ১২টা ৪৫ মিনিটে লিখেন, চিচিংফাক!!! এ কি চমৎকার জাদু- আগে জানতাম বিখ্যাত জাদুকররা তাদের টুপির ভিতর খরগোশ ঢুকিয়ে গায়েব করে ফেলে আর এখন দেখছি নব্য বুদ্ধিজীবী/ইতিহাসবিদরা এমন জাদু দেখাচ্ছে যে ২৬ মার্চ ১৯৭১ থেকে ১৬ ডিসেম্বর ১৯৭১ এর বাংলাদেশের ইতিহাসই গায়েব করে দিয়েছে!! বাহ্ কি চমৎকার !!!

তার লেখে এই পোস্টের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত কিছু ছবি যুক্ত করে দেওয়া হয়।

এর আগে তিনি কয়েক ধাপে ব্যারিস্টার আমির-উল ইসলামের লেখা মুক্তিযুদ্ধের সৃতি বই থেকে বেশ কিছু লেখা পোস্ট করেন। সেখানেই স্বাধীনতা সম্পর্কিত কিছু ছবি যুক্ত করে দেওয়া হয়। সেই তালিকা থেকে বাদ পড়েনি বিএনপির প্রতিষ্ঠাতা বীর উত্তম জিয়াউর রহমানের ছবিও।

তাছাড়া আরেক জাতীয় নেতা দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের একটি ছবি আপলোড করে সেখানে তার একটি উক্তিও উল্লেখ করেন সোহেল তাজ। সৈয়দ আশরাফুল ইসলামের উক্তিটি ছিল- “ইতিহাস আড়াল করা ইতিহাস বিকৃত করার শামিল”

সোহেল তাজের সাম্প্রতিক এমন পোষ্টের কারণে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে বেশ কৌতুহলের। বিভিন্ন মন্তব্য করে আবারও দেশের রাজনীতিতে আসীন হওয়ার জন্য সোহেল তাজকে আহ্বান জানাচ্ছেন তারা। একইসাথে বঙ্গতাজসহ দেশের জাতীয় চার নেতা ও স্বাধীনতার সঠিক ইতিহাসের প্রতি তারা শ্রদ্ধা জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর