দেশের ভাবমূর্তির স্বার্থে মোদি বিরোধী বিক্ষোভ করবেন না: র্যাব
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানিয়েছেন, মোদি বিরোধী বিক্ষোভ র্যাব কঠোর মনিটরিংয়ে রাখছে। দেশের ভাবমূর্তির স্বার্থে মোদি বিরোধী সভা-সমাবেশ যারা করছেন তাদের প্রতি অনুরোধ এসব থেকে বিরত থাকুন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে উত্তরায় র্যাব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংলাদেশ পরিদর্শন করছেন। অতিথিদের আগমনের যে সূচি রয়েছে, সে অনুযায়ী র্যাব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। অতিথিদের আগমন সূচিতে যেসব স্থান রয়েছে সেখানে র্যাব তিন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। স্থানগুলোতে র্যাব সদস্যদের দৃশ্যমান উপস্থিতি, গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং করা হয়।
আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, বিগত দিনে র্যাব যেভাবে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে, আগামী দিনগুলোতেও র্যাব তার স্বাক্ষর রেখে যাবে।
ভিভিআইপিদের আগমন উপলক্ষে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে কি-না জানতে চাইলে র্যাবের এই কর্মকর্তা বলেন, কোনো ধরনের আশঙ্কা নেই। র্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী এসব মনিটরিং করছে। আমাদের সাইবার শাখা সক্রিয় রয়েছে।
বার্তাবাজার/এ.আর