হাসিনা সরকারই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: শ ম রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান শ ম রেজাউল করিম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকারই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। অতীতে বিচারহীনতার সংস্কৃতিতে দেশ নিমজ্জিত ছিল। জঙ্গীবাদের উত্থান ও বিচার ব্যবস্থায় ছিল নগ্ন হস্তক্ষেপ। বর্তমান সরকারের শাসনামলে বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীতে বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিতব্য বহুতল ভবনের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিচার বিভাগের অপরিহার্য অংশ হচ্ছেন আইনজীবীরা। আইনজীবী ও বিচার ব্যবস্থার কল্যাণে শেখ হাসিনা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বার কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন।
এসময় আইনজীবীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মন্ত্রী। পরে নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।
পরিদর্শনকালে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সচিব মো. রফিকুল ইসলাম, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোখলেসুর রহমান বাদলসহ অন্য কর্মকর্তা, গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলী ও ভবন নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এ.আর