জয়পুরহাটের কালাইয়ে সনাতন ধর্মালম্বী এক মেয়েকে (১৭) অপহরণের ঘটনায় ১১ দিন পর গোলাম রসূল (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাজীপুরের জয়দেবপুর থানা থেকে অপহৃত ওই মেয়েসহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোলাম রসূল পাঁচবিবি উপজেলার বিনশিরা গ্রামের হামিদুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ সন্ধ্যার দিকে কালাই উপজেলার বলিগ্রাম গ্রামের ১৭ বছর বয়সী এক মেয়েকে পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার বিনশিরা গ্রামের গোলাম রসূল অপহরণ করে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ১২ মার্চ কালাই থানায় মামলা দায়ের করে। এরপর পুলিশের একটি টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতে থাকে। এরপর বিভিন্ন তথ্যের ভিত্তিতে গত ২৩ মার্চ দিবাগত গভীর রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানার প্রত্যন্ত এলাকা থেকে অপহৃত মেয়েটিকে উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, পুলিশের একটি চৌকশ টিম ১১ দিন অভিযান চালিয়ে মঙ্গলবার অপহৃত মেয়েকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামীকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।
মিলন রায়হান/বার্তাবাজার/পি