কয়েলের আগুনে ৩ ঘরসহ পুড়ে ছাই ১৩ টি গরু-ছাগল

বগুড়ার শিবগঞ্জে মশার কয়েল থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে এক কৃষকের ৩ টি ঘর, নগদ টাকা ও আসবাবপত্রসহ ১৩ টি গরু ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ বাড়ির মালিক কৃষক সাইদ জামান মন্ডল(৫৫) কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর মধ্যপাড়ার মৃত সমছের আলীর ছেলে সাইদ জামান মন্ডলের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আহত সাইদ জামানের ছেলে মাহমুদুল হাসান জানান, বুধবার রাতে মশার কয়েল থেকে বৈদ্যুতিক তারে আগুন লেগে যায়। পরে পুরো বাড়ি আগুনে ছেয়ে গেলে দমকলে খবর দেয়া হয়। কিন্তু দমকল এসে পৌঁছানোর আগেই ৩ টি টিনের ঘর, ৩ টি গরু, ১০ টি ছাগল, আসবাবপত্র ও টাকা পয়সা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা জানান, কৃষক সাইদজামানের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ইউএনও মোহদয়কে জানানো হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করেছি।

খালিদ হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর