আমাকে হত্যা করে রাহাতকে মেয়র করা হবে: কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, তাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ কথ লিখেন।

কাদের মির্জা ওই স্ট্যাটাসে লিখেন, তাকে হত্যা করে তার ভাগনে ফখরুল ইসলাম রাহাতকে বসুরহাট পৌরসভার মেয়র করা হবে।

ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, তিনি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছেন তাকে হত্যা করে তারা এই নীল নকশা বাস্তবায়ন করবে। গত ২১ মার্চ নোয়াখালী জেলা কারাগারে কারাবন্দী মিজানুর রহমান বাদলের সঙ্গে একরামুল করিম চৌধুরী ও জেহান দেখা করে একটা নতুন ছক তৈরি করেছে। নোয়াখালী-৫ আসনে শিউলি একরামকে এমপি করবে।

তিনি স্ট্যাটাসে বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান জনাব শাহাব উদ্দিন সাহেব পদত্যাগ করিয়ে মিজানুর রহমান বাদলকে চেয়ারম্যান করবে। কবিরহাট উপজেলায় সাবাব চৌধুরীকে উপজেলার চেয়ারম্যান করা হবে। কবিরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রায়হান বুঝিয়েছে- তিনি মন্ত্রীর লোক। কিন্তু আসলে তিনি একরামুল করিম চৌধুরীর লোক। তাই রায়হান কবিরহাট পৌরসভা মেয়র থাকবে এবং বসুরহাট পৌরসভায় আমাকে হত্যা করে ফখরুল ইসলাম রাহাতকে বসুরহাট পৌর মেয়র করা হবে। এই বিষয়ে মন্ত্রীর স্ত্রী ও নিজাম হাজারীর সঙ্গে ফোনালাপ করে তারা সিদ্ধান্ত করে। এটাই হচ্ছে তাদের নতুন ছক।

এ বিষয়ে কাদের মির্জার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি যত টুকু জানতে পেরেছেন, তত টুকুই তিনি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন। তিনি জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করবেন। থানা জিডি না নিলে তিনি আদালতের দ্বারস্থ হবেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর