মোদির মতো এত বড় মিথ্যাবাদী আমি জীবনেও দেখিনি: মমতা

মেদিনীপুরের কাঁথিতে নির্বাচনী জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বলেছেন, মানুষের প্রয়োজনে আপনাকে পাশে পাওয়া যায় না। আর ভোটের সময় ‘দুয়ারে সরকার’ গড়ছেন। ভোটের মাধ্যমেই পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে ‘দরজা’ দেখিয়ে দেবে।

বুধবার(২৪ মার্চ) পশ্চিমবঙ্গের কাঁথির জনসভায় তিনি এ কথা বলেন।

অন্যদিকে মোদিকে আক্রমণ করে মমতা বলেছেন, মোদির মতো এত বড় মিথ্যাবাদী আমি জীবনেও দেখিনি। প্রধানমন্ত্রীর চেয়ারটাকে আগে সম্মান করতাম। এখন আর করি না। বাঁকুড়ার জনসভায় এ কথা বলেন মমতা।

গতকাল এক প্রচারণায় অংশ নিয়ে মোদি মমতার সমালোচনা করে বলেন, যখন প্রয়োজন, তখন দিদি দেখেন না। কিন্তু ভোট আসলে বলেন, দুয়ারে সরকার। এটাই আপনার খেলা। এই রাজ্যের শিশুরা পর্যন্ত আপনার খেলা বুঝে গেছে। এই জন্যই ২ মে রাজ্যবাসী আপনাকে দুয়ার দেখিয়ে দেবে।

তিনি আরও বলেন, আম্ফান ঝড়ে পশ্চিমবঙ্গের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। বিজেপি সরকার তাদের জন্য যে টাকা পাঠিয়েছিল, তা পশ্চিমবঙ্গের মানুষ পায়নি। সাধারণ মানুষ এখনো ভাঙাচোরা ঘরে বসবাস করছেন।

অন্যদিকে মমতা বলেন, বিজেপি রাতের অন্ধকারে টাকা বিলি করছে। যারা টাকা বিলি করছেন, তাদের হাতেনাতে ধরিয়ে দিতে পারলেই পুরস্কার স্বরূপ চাকরি দেওয়া হবে।

মমতা আরও বলেন, টাকা দিলে নেবেন কি নেবেন না, আপনার ব্যাপার। ওটা আপনার টাকা। তবে টাকা নিলেও ভোট দেবেন না। তারা বলতে পারে, ‘কোথায় ভোট দিচ্ছিস, দেখতে পাব’। মিথ্যা কথা। কিছুই দেখতে পাবে না। ভোটটা তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলেই দেবেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর