২০ বছর পর সর্বহারা পার্টির নামে পোস্টারিং, নাশকতার আশঙ্কা

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলার সর্বহারা পার্টি উত্তরাঞ্চল শাখা নাম দিয়ে দেওয়ালে পোস্টারিং করার ঘটনা ঘটেছে। দীর্ঘ বিশ বছরেরও বেশি সময় পর উপজেলার সিমলা বাজারে এমন পোস্টারিং দেখে মানুষের মাঝে আতঙ্ক বিস্তার করেছে।

মঙ্গলবার (২৩ মার্চ) দিনগত রাতে উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরে সিমলা বাজারের বিভিন্ন দোকানের দেওয়ালে এই পোস্টারগুলো লাগানো হয়। বুধবার সকালে মানুষজন এগুলো দেখে।

সাঁটানো পোস্টারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে গণপ্রতিরোধের আহবানসহ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে গণবিরোধী কর্মসূচি প্রতিহত করাসহ বিভিন্ন কথা বলা হয়েছে। পোস্টারের শিরোনাম ছিল, ‘দুনিয়ার সর্বহারা ও নিপীড়িত জাতি জনগণ এক হও’।

এ বিষয়ে বাজারের নৈশ প্রহরী ওসমান আলী ও চাঁন মিয়া ভলেন, রাত দেড়টার দিকে মুখোশধারী পাঁচ ব্যক্তি বাজারে এসে নিজেদের সর্বহারা পরিচয় দেন। এরপর তারা হাঁসুয়া ধরে আমাদের চুপ করে বসে থাকতে নির্দেশ দেন। প্রায় আধাঘণ্টা সময় ধরে তারা বাজারের বিভিন্ন দোকানের দেওয়ালে পোস্টার লাগায়। এরপর কয়েকটি পটকা ফুটিয়ে নাটোরের সিংড়ার দিকে চলে যায়।

স্থানীয়রা বলছেন, সর্বহারারা ১৯৯৯ সালে নওগাঁর আত্রাই উপজেলার মনিহারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সাত্তারকে নন্দীগ্রামের পণ্ডিতপুকুর বাজারে প্রকাশ্যে হত্যা করেন। এছাড়া ২০০১ সালে ভাটরা ইউনিয়নের বিভিন্ন স্থানে সর্বহারা পার্টির নামে পোস্টারিং করা হয়। এরপর থেকে এই এলাকায় সর্বহারাদের আর কোনো তৎপরতা দেখা যায়নি।

নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম জানান, গভীর রাতে পাঁচজন সর্বহারা পরিচয়ে সিমলা বাজারে এসে নৈশপ্রহরীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। তারা ১৫-২০টি পোস্টার লাগিয়ে কয়েকটি আতশবাজি ফুটিয়ে চলে যায়। পোস্টারগুলো অপসারণ করা হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর