মন্ত্রীকে নিয়ে মিথ্যা স্ট্যাটাস: দুই ছাত্রলীগ নেতার মামলা

নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কটুক্তি করে ফেসবুকে মিথ্যা তথ্য গুজব ছড়ানোর দায়ে জেলার রুপগঞ্জ উপজেলার ছাত্রলীগের দুই নেতার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) রাতে মন্ত্রীর মালিকানাধীন গাজী গ্রুপের প্রশাসন বিভাগের ম্যানেজার মোজাম্মেল হক বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশফাকুল ইসলাম তুষার ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম জেমিনকে।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, তারা দুজন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও গুজব ছড়িয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি আশরাফুল আলম জেমিনের ফেসবুক আইডি থেকে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার প্রস্তাবিত গাজী ক্রিকেট একাডেমির জন্য নির্ধারিত জমির ছবিসহ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক ঘটনার অবতারণা করে একটি স্ট্যাটাস দেওয়া হয়। এতে মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এ ঘটনায় গাজী গ্রুপের ম্যানেজার মোজাম্মেল হক রূপগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।’

তবে অভিযুক্ত আশরাফুল আলম জেমিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমার প্রতিপক্ষরা আমার নামে ফেসবুকে আইডি খুলে অপপ্রচার চালাতে পারে। এ ঘটনায় আমি জড়িত নই।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর