স্বাধীনতার বিরুদ্ধে আর একটি শব্দ উচ্চারণ করলে নেড়ি কুকুরের মত পেটানো হবে বলে সতর্ক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।
বুধবার (২৪ মার্চ) মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন।
সমাবেশ চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কালো পতাকা মিছিল করে। এসময় তাদেরকে ইঙ্গিত করে এই বক্তব্য দেন সনজিত।
তিনি বলেন, আইএস, মোসাদ এবং বৈদেশিক কুটনৈতিকদের টাকা দিয়ে ষড়যন্ত্রের লেলিহান শিখা দিয়ে গড়া যে কয়েকটি তথাকথিত সংগঠন, যাদের কেউ ছাত্রসংগঠন হিসেবে স্বীকার করে না, সেই তথাকথিত জঙ্গি সংগঠনগুলো কালো পতাকা মিছিল করে। আসলে এই কালো পতাকা তাদের মনের ভেতরে যে স্বাধীনতার অপশক্তি রয়েছে সেটিরই পরিচায়ক।
সনজিত আরও বলেন, আপনারা কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন সেটি রীতিমতো গবেষণার বিষয়। আপনারা স্বাধীনতার অর্থ বুঝেন না, আপনারা বাংলাদেশের অর্থ বুঝেন না, আপনারা বাংলাদেশের সাথে একটি দেশের যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সুসম্পর্ক রয়েছে সেটি বুঝেন না। আপনারা হিংসাতে বিশ্বাসী, আপনারা জঙ্গিবাদে বিশ্বাস করেন, আপনারা ধর্মের নামে উগ্রবাদে বিশ্বাস করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় ‘অদম্য অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ’ শীর্ষক সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক এস এম রিয়াদ হোসন, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন, ধর্মবিষয়ক সম্পাদক তুহিন রেজা প্রমুখ।
বার্তাবাজার/এসজে