টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (২৪ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় পাকশি বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য ৩ সদস্যরা হলেন- পাকশি বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ বীরবল মণ্ডল, পাকশি রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকোশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, পাকশি বিভাগীয় রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী রাজিব বিল্লাহ। এই তদন্ত কমিটিকে এক কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পোড়াদহ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম বার্তা বাজারকে বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ইতি মধ্যে রওনা হয়েগেছে। সেটি এসে পৌঁছানো মাত্র উদ্ধার কাজ শুরু হবে।

পাকশী রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল বার্তা বাজারকে জানান, পোড়াদহ জংসন থেকে গোপালগঞ্জের দিকে যাওয়ার জন্য লাইন ক্রসিং করার সময় সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। ট্রেন লাইনচ্যুতের খবর পেয়েই উদ্ধারকারী ট্রেনকে বলা হয়েছে। দ্রতই উদ্ধার কাজ শুরু হবে। ঘটনার পর থেকে খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। উদ্ধার কাজ শেষ করতে ঠিক কতক্ষণ সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলেও জানান এই রেল কর্মকর্তা।

টুটুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর