আরও খারাপ হবে করোনা পরিস্থিতি!

দেশে করোনা পরিস্থিতি ক্রমশ উর্ধ্বমূখী হচ্ছে। সংক্রমণ শুরু পর বাড়তে থাকলেও মাঝখানে তা কমে আসে। কিন্তু সম্প্রতি আবারও শুরু দিকের দিনগুলোর মত বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ।

বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্যের ভিত্তিতে জানা যায়, দেশে একদিনে নতুন করে গত ৯ মাসের রেকর্ড ভেঙে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৬৭ জন। এই সময়ে মারা গেছেন আরও ২৫ জন।

দেশের হাসপাতালগুলোতে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে কোনো বেড আর খালি নেই। রোগীদের নিয়ে দিগ্বিদিক ছুটছেন স্বজনরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বেপরোয়াভাবে সাধারণ মানুষের ঘোরাফেরাই নতুন করে সর্বনাশ ডেকে এনেছে।

বিগত তিনমাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ও স্বাস্থ্যবিধি না মানায় এর প্রভাব পড়তে শুরু করেছে সারাদেশেই। বাড়ছে করোনা রোগী। হাসপাতালগুলোতে আইসিইউর পাশাপাশি পাওয়া যাচ্ছে না করোনা চিকিৎসায় সাধারণ সিটও।

বুধবার (২৪ মার্চ) রাজধানীর করোনা বিশেষায়িত হাসপাতালগুলো ঘুরে দেখা যায়, একদিকে যেমন পরীক্ষা করতে আসা রোগীর সংখ্যা বেড়েছে তেমনি অনেক হাসপাতালেই আইসিইউ না পেয়ে এভাবে অ্যাম্বুলেন্সের পাশেই অক্সিজেন লাগিয়ে চিকিৎসা দিতেও দেখা গেছে।

ভুক্তভোগীরা বলেন, আমরা এখন মহাবিপদে আছি। হিমশিম খাচ্ছি। কোথায় যাব বুঝতেছি না।

তথ্য বলছে, ধারণ ক্ষমতার চেয়ে অনেক হাসপাতালেই এখন রোগীর সংখ্যা বেশি। হাসপাতালগুলো জানায়, এমন চলতে থাকলে সপ্তাহখানেক পর পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ বলেন, এবারের রোগীদের অবস্থা বেশি খারাপ। তাই আগামীতে অবস্থা আরও খারাপের দিকেই যাবে যথাসম্ভব।

এদিকে দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, যারা ভ্রমণে যাচ্ছেন তারাই বেশি আক্রান্ত হচ্ছেন। লকডাউন দেব কি দেব না এটা সরকারের বিষয়। আমাদের নয়। দিলে আপনারাও জানতে পারবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর