মোদির সফরের বিরুদ্ধে মানববন্ধন, আটক ৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধীতা করে রাজশাহীতে বামপন্থী সংগঠনের মানববন্ধন থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ মার্চ) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- সিপিবি রাজশাহী জেলার সভাপতি কমরেড এনামুল হক, সাধারণ সম্পাদক কমরেড রাগিব হাসান মুন্না, বাসদ রাজশাহী জেলার আহ্বায়ক আলফাজ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের আহ্বায়ক শাহরিয়ার, রাজশাহী মহানগর ছাত্র ফেডারেশনের সম্পাদক জিন্নাত আরা সুমু।

বাম গণতান্ত্রিক জোট রাজশাহীর উদ্যোগে সুবর্ণজয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদির ঢাকা সফর বাতিল, সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর হামলা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বামপন্থী কয়েকটি সংগঠন।

বিকেল সোয়া ৫টার দিকে ২০-২৫ জন নেতাকর্মী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধনের জন্য উপস্থিত হন। কিন্তু মানববন্ধন শুরু না হতেই পুলিশ সেখানে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু নেতাকর্মীরা সরে না গিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। শেষে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের চত্রভঙ্গ করে দেয় এবং পাঁচজনকে আটক করে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর