পুলিশের সামনেই ব্যবসায়ীকে গুলি চালিয়ে হত্যা করেন আ’লীগ নেতা (ভিডিওসহ)

রাজধানীর দক্ষিণখান এলাকায় আব্দুর রশিদ নামের (৪২) এক ব্যবসায়ীকে পুলিশের সামনেই গুলি করে হত্যা করেছেন আমিনুল ইসলাম হান্নান (জাপানি হান্নান) নামে এক আওয়ামী লীগ নেতা।

বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান বিমানবন্দর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহেল রেজা।

তিনি বলেন, আবদুর রশিদরা দুই ভাই ও দুই বোন। আবদুর রশিদ পরিবারের বড় ছেলে। তিনি একটি মার্কেটের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। বুধবার সকাল সাড়ে ১১টায় আমাকে নিয়ে আমিনুল ইসলাম হান্নানের বাসার সামনে যান আমার মামাতো ভাই নিহত আবদুর রশিদ।

সোহেল রেজা বলেন, গত ২৩ মার্চ কিছু বালু নিয়ে আমিনুল ইসলাম হান্নানের সঙ্গে কথা কাটাকাটি হয় আবদুর রশিদের। এক পর্যায়ে বালু নিতে চাইলে আমিনুল ইসলাম হান্নান বলেন- আমাকে এক লাখ টাকা দিতে হবে। তা না হলে এখান থেকে বালু নেওয়া যাবে না। এই কথা শুনে আবদুর রশিদকে নিয়ে আমি বুধবার সকাল আনুমানিক সাড়ে ১১টায় হান্নানের বাড়ির সামনে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে হান্নান ঘর থেকে বের হয়ে হাতে থাকা শটগান দিয়ে আবদুর রশিদকে গুলি করেন। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন আবদুর রশিদ। তাকে সেখান থেকে উদ্ধার করে দক্ষিণখান কেসি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রশিদকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, পুলিশের উপস্থিতি থাকা স্বত্ত্বেও এমন নজিরবিহীন ঘটনা আমি কখনোই দেখিনি। আমি যখন আমিনুল ইসলাম হান্নানের বাসায় যাই তখন আমার সঙ্গে থাকা লোকজনকে চার-পাঁচজন পুলিশ সদস্য বুঝিয়ে-শুনিয়ে সরিয়ে দিচ্ছেন যাতে কোনো ধরনের ঝামেলা না হয়।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমি একজন সাধারণ মানুষ, আওয়ামী লীগের রাজনীতি করি। এমন ইতিহাস কখনই দেখি নাই। কোনো কথা বলার আগেই হান্নান শটগান দিয়ে গুলি করে হত্যা করে আমার মামাতো ভাই আবদুর রশিদকে। এমন সময় এলোপাতাড়ি গুলি দেখে আমি ও আমার সঙ্গে থাকা লোকজন পিছু হটি।

স্থানীয়রা জানান, এর আগেও দুই বার নিজের শটগান দিয়ে মানুষকে গুলি করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন আওয়ামী লীগ নেতা জাপানি হান্নান। তারা হান্নানের কঠিন বিভার দাবি করেছেন।

এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের সহকারী কমিশনার বিপ্লব গোস্বামী বলেন, এ ঘটনায় হান্নানসহ ৭ জনকে আমরা আটক করেছি। ঘটনার পর উত্তেজিত জনতা হান্নানের গাড়ি ও বাড়িতে ভাংচুর করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান তার ফেসবুক আইডিতে নিজেকে জাপান বাংলাদেশ মানবাধিকার সংস্থার মহাসচিব ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বলে পরিচয় দিয়ে আসছেন।

ভিডিও দেখতে ক্লিক করুন

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর