আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের বিরোধীতা করে আমাদের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি দীর্ঘদিন ধরে ভারত বিরোধিতা ও ভারতের সাথে বৈরিতার যে রাজনীতি অনুসরণ করে আসছে। সেটি বাংলাদেশের উন্নয়নের জন্য সহায়ক নয়।
বুধবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে নওগাঁ জেলার সাপাহার উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির মহাসচিব যখন প্রশ্ন তুললেন ভারতের প্রধানমন্ত্রী কেন আসছেন? তখন বুঝলাম ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার বিরুদ্ধে যারা বিক্ষোভ প্রদর্শন করছে এর পেছনেও যে বিএনপি-জামাত, বিশেষ করে বিএনপি ইন্ধন রয়েছে।
তিনি বলেন, বিএনপি এখনও ভারত বিরোধী রাজনীতি থেকে ফিরে আসতে পারেনি। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রতিবেশির সাথে সুসম্পর্ক প্রয়োজন। বিশেষ করে যে দেশ দিয়ে আমাদের তিনদিক বেষ্টিত, সেই দেশের সাথে সুসম্পর্ক না রেখে আমাদের উন্নয়ন অগ্রগতি সম্ভবপর নয়।
হাছান মাহমুদ বলেন, আমি বিএনপিকে অনুরোধ জানাবো, এ ধরণের প্রশ্ন উত্থাপন না করে বরং সঠিক রাজনৈতিক ধারায় ফিরে আসুন; আপনারা ভারতবিরোধিতার রাজনীতি, ভারতের সাথে বৈরিতার যে রাজনীতি দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছেন, সেটি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য সহায়ক নয়’ বলেন ড. হাছান।
তিনি বলেন, বাংলাদেশের তিন দিকে ভারত বিস্তৃত। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক না রেখে আমাদের দেশের উন্নয়ন-অগ্রগতি সম্ভব নয়।
তিনি আরো বলেন, আমরা জনগণের ভালেবাসা নিয়ে দেশ পরিচালোনা করতে চাই। যেহেতু আমাদের দল ক্ষমতায় তাই আমদের দায়িত্ব ও কর্তব্র অপরিসীম আর ক্ষমতা থাকলে বিনয়ী হতে হয়। আচার-আচরণ এমন হতে হয় যেন কেউ কষ্ট না পায়, জনগণ যাতে আমাদের ভালোবাসে এবং ভোট দেয়।
সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহের সভাপতিত্বে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া বেগম, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সম্মেলনে বক্তব্য রাখেন।
বার্তাবাজার/ই.এইচ.এম