গাইবান্ধায় রহস্যজনক বিস্ফোরণ, নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়িতে রহস্যজনক বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বুধবার (২৪ মার্চ) সন্ধায় এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউই বিস্ফোরণের কারণ জানাতে পারেনি।

নিহতদের মধ্যে অহেদুর (৩২) নামে একজনের বাড়ি একই গ্রামে হলেও বাকি দুইজনের মধ্যে একজনের বাড়ি গাইবান্ধার বাইরে। বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যায় একজন। বাকি দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যায়।

এ বিষয়ে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আরিফ আনোয়ার বলেন, একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এটি গ্যাস সিলিন্ডার নাকি কোনও বিস্ফোরক তা নিশ্চিত হওয়া যায়নি।

গাইবান্ধা পুলিশের এসপি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি। সেখানে পৌঁছে বলা যাবে কিসের বিস্ফোরণ এটা।

তিনি আরও জানান, নয়াপাড়া গ্রামের ওই বাড়িকে ঘিরে ব্যাপক মানুষের ভিড় সৃষ্টি হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েন করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর