মোদির বিরুদ্ধে কালো পতাকা মিছিল

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে উগ্র সাম্প্রদায়িক দাঙ্গাবাজ নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ বাতিলের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার (২৪ মার্চ) রাজধানীতে কালো পতাকা মিছিল ও জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, এই স্বৈরাচারী সরকারের অন্যতম পৃষ্ঠপোষক ভারতের সরকার নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দাঙ্গাবাজ ও উগ্র সাম্প্রদায়িক মোদীকে আমন্ত্রণ জানিয়েছে। পাশাপাশি সরকার দেশের মানুষের চলাচল এবং বিরোধীদের রাজনৈতিক কর্মসূচির উপর বিধি-নিষেধ আরোপ করেছে। শুধু তাই নয়, মানুষের প্রতিবাদ ব্যক্ত করার প্রায় সকল পথ রুদ্ধ করা হয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ফ্যাসিবাদী নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

সমাবেশে নেতৃবৃন্দরা আরো বলেন, মোদীর আগমন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বামপন্থি ছাত্রদের বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র লীগের সন্ত্রাসীরা বর্বর হামলা করেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র জোটসহ বামপন্থি ছাত্র সংগঠনসমূহের নেতা-কর্মীদের গুরুতর আহত করেছে। হামলা করে প্রতিবাদী ছাত্র-জনতার প্রতিরোধ সংগ্রামকে দমন করা যাবে না বলে তারা উল্লেখ করেন। নেতৃবৃন্দ ভারতের মুসলিম, দলিত, আদিবাসী হত্যায় অভিযুক্ত নরেন্দ্র মোদীর আমন্ত্রণ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

বাম জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র আ ক ম জহিরুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র ইকবাল কবির জাহিদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন আকবর খান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর