বসতভিটা বাঁচাতে কুড়িগ্রামে হরিজন সম্প্রদায়ের প্রতিবাদ
কুড়িগ্রামে হরিজন সম্প্রদায় ও হতদরিদ্রদের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে হরিজন সম্প্রদায়ের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হরিজন সম্প্রদায়ের স্বপন বাঁশফোড়, জয় বাঁশফোড়, রতন কুমার রায়, হবিবর রহমান, মিলন মিয়া, ওয়ার্ড কাউন্সিলর হারুন, বাসদ নেতা দুলাল বোস প্রমুখ।
বক্তারা মানববন্ধনে অভিযোগ করে বলেন, দীর্ঘ ৪০-৫০ বছর আমরা সরকারি এই জায়গায় বসবাস করে আসছি। আমাদের কোন রকম পুর্নবাসনের ব্যবস্থা না করে গনপুর্ত বিভাগ থেকে বসতভিটা খালি করার নোটিশ দেন। আমাদের পুর্নবাসন করে এখান থেকে উচ্ছেদ করা হোক।
কুড়িগ্রাম জেলা শহরে ১২০টি হরিজন সম্প্রদায়সহ ৬২০টি হতদরিদ্র পরিবার গণপূর্ত বিভাগের বিভিন্ন জায়গায় বসবাস করে আসছে। গণপূর্ত বিভাগ থেকে স্মারকমূলক তাদেরকে উচ্ছেদের নোটিশ জারী করা হলে তারা এ প্রতিবাদে অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ন স্থানে বিক্ষোভ করে জেলা প্রশাসক অফিস গিয়ে তাঁর কাছ একটি স্মারকলিপি হস্তান্তর করে।
সুজন মোহন্ত/বার্তাবাজার/হৃ.আর