আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার কথা। কিন্তু এক দল সুর তুলেছে তারা না কি মোদিকে আসতে দিতে চায় না। মোদিকে আসতে না দেয়ার আপনারা কে?
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, রাষ্ট্রের অতিথি হয়ে যিনি আসবেন, দেশের সকল মানুষের উচিত তাকেই সম্মান করা। বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পর্ক গড়ে তুলতে নির্দেশনা দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে কোনো দেশের সঙ্গে সমস্যা থাকলে তা দ্বিপাক্ষিক সিদ্ধান্তে সমাধান করা হবে।
তিনি বলেন, শেখ হাসিনা নিজেকে বিশ্বের মধ্যে অত্যন্ত যোগ্য দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বিদেশি অতিথিরা বলছেন, শেখ হাসিনা এখন অনেকের কাছে অনুপ্রেরণাময়ী নেতা। আমেরিকান সাংবাদিক নিকোলাস ডোনাবেট ক্রিস্টোফ লিখেছেন- শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা আমেরিকার জন্যও অনুপ্রেরণা হতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, আওয়ামী লীগ নেতা এমএ তাহের, এম আলাউদ্দিন, সফিকুল ইসলাম, মিজানুর রহিম, একেএম নুরুল আমিন, সফিক মাহমুদ পিন্টু, মামুনুর রশিদ, ইসমাইল খোকন, কাজী জামশেদ কবির, বাকি বিল্লাহ, আবুল কাশেম চৌধুরী, ইসমাইল হোসেন চৌধুরী ও একেএম সালাহ উদ্দিন টিপুসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
উল্লেখ্য, ১১ এপ্রিল লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ফায়িজ উল্যাহ শিপন ও বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগরের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
বার্তাবাজার/ই.এইচ.এম