রাজধানীর দক্ষিণখান এলাকায় প্রকাশ্য দিনের আলোয় গুলি করে এক বালু ব্যবসায়ীকে হত্যার পর ফেসবুক লাইভে আসেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান (জাপানি হান্নান)।
বুধবার (২৪ মার্চ) দুপুর ১১টা ৩৯ মিনিটে তার নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি। তবে তিনি সেখানে ক্যামেরার আড়াল থেকে নির্দেশনা দিয়ে তার মেয়েকে দিয়ে নিজের বক্তব্য গুলো বলিয়েছেন।
এর আগে সকালে দক্ষিণখান এলাকার ময়লার ব্যবসা নিয়ন্ত্রণ কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা জাপানি হান্নান ও সোহেল রেজা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জাপানি হান্নানের শটগানের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুর রশিদ।
এই ঘটনায় নিহত রশিদের পক্ষের লোকজন জাপানি হান্নানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তারা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
আগুনে পুড়ে যাওয়া গাড়িটি জাপানি হান্নানের বলে তার মেয়েকে ওই লাইভ ভিডিওতে বলতে শোনা গেছে। এছাড়া আগুন নেভাতে ও হামলাকারীদের নিয়ন্ত্রণে প্রশাসনের সহায়তা চাইতে দেখা গেছে ভিডিওতে।
লাইভে জাপানি হান্নান তার মেয়েকে বলছেন, ‘আমাদের বাড়িতে হামলা হয়েছে। গাড়িতে আগুন দিয়েছে। বাড়িতে আগুন লাগানো চেষ্টা চলছে।’
এবার হান্নানের কথামত ঘটনার বর্ণনা করেন তার মেয়ে। ভিডিওতে দেখা যায় যে অস্ত্র দিয়ে আব্দুর রশিদকে গুলি করে হত্যা করা হয়েছিল সেটা তখন বাসার ডাইনিং টেবিলের উপর রাখা।
তার লাইভ ভিডিওটি দেখতে ক্লিক করুন।
বার্তাবাজার/এসজে