এবার বোরো চাষে লাভবান হওয়ার স্বপ্ন কৃষকের

চলতি মৌসুমে লালমনিরহাটের হাতীবান্ধায় গত বছরের চেয়ে ১’শ হেক্টর জমিতে বেশি বোরো ধানের আবাদ হয়েছে। ধানের দাম ও গবাদী পশুর খাদ্য (খড়) মূল্য বৃদ্ধির ফলে কৃষক বেশি জমিতে ধান চাষ করেছেন।

হাতীবান্ধা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ১২টি ইউনিয়নে ৭ হাজার ৫শ’ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। গত বছর এসব এলাকায় ৭ হাজার ৪শ’ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছিল। এ বছর বোরো চাষের লক্ষ্যমাত্র ১শ’ হেক্টর জমিতে চাষ বেড়েছে। এ বছর টংভাঙ্গা, নওদাবাস, ভেলাগুড়ী ইউনিয়নে বোরো চাষ বেড়েছে।

উপজেলা নওদাবাস ইউনিয়নের চেয়ারম্যান পাড়া গ্রামের কৃষক মাফিজুল ইসলাম জানান, সাড়ে দুই বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন তিনি। ধানের চারা উৎপাদন, জমি চাষ, মই দেওয়া, চারা রোপণ, সার, আগাছানাশক, উপরি সার প্রয়োগ, ভিটামিন প্রয়োগ এবং কাটার শ্রমিক মজুরি বাবদ বিঘা প্রতি প্রায় আট হাজার টাকা খরচ হয়। প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে বিঘা প্রতি ২২ থেকে ২৮ মণ হারে ফলন পাওয়া যায়। এর মধ্যে সেচ বাবদ সেচ যন্ত্রের মালিককে বিঘা প্রতি ১৫’শ থেকে ২ হাজার টাকা দিতে হয়। এক বিঘা জমি থেকে প্রায় ৫ হাজার টাকার খড় পাওয়া যায়। নিজের জমি হলে বিঘা প্রতি প্রায় দশ হাজার টাকা লাভ হতে পারে।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, বর্তমানে মাঠের অবস্থা ভালো। বোরো টিলারিং পর্যায়ে আছে। তাছাড়া মৌসুম অনুযায়ী আউশের রোপন চলমান আছে। যেহেতু বর্তমান বাজারে ধানের দাম বেশি সেহেতু কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে কৃষক লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।

তিনি বোরো চাষিদের উদ্দেশ্যে বলেন, পানি সাশ্রয়ী প্রযুক্তি যেমন শুকনো ও ভেজা পদ্ধতিতে চাষে যেমন পানি কম লাগে সাথে ইফেক্টিভ টিলারিং এর সংখ্যা বাড়ে। তাই আমার পরামর্শ হলো সবসময় দাঁড়ানো পানি না রাখাই ভালো। আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকা চিহ্নিত করে দমন করলে খরচ কমে। অযথা কীটনাশক প্রয়োগের দরকার নেই। এছাড়া যেসব জমিতে গোড়া পঁচা রোগ দেখা যাচ্ছে সেখানকার পানি বের করে দিয়ে বিঘা প্রতি ৫কেজি হারে পটাশ সার উপরি প্রয়োগ করতে হবে। সাথে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশক প্রয়োগ করলে ভালো ফলন আশা করা যায়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর