জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠিত যোগ দিতে আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে যে বিক্ষোভ হচ্ছে এর পেছনে বিএনপির ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২৪ মার্চ) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সম্মেলনে যোগ দেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই গুমরটি ফাঁস করে দিয়েছেন। মোদি কেন বাংলাদেশে আসবেন এমন প্রশ্ন করে ফখরুল প্রমাণ করেছেন যে তারা ভারতবিরোধী এবং বাংলাদেশের উন্নয়ন চান না।
তথ্যমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে চাইলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ভারত আমাদের পাশের দেশ হিসেবে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক না রেখে আমাদের দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়।
ভারতবিরোধী যে রাজনীতি দীর্ঘদিন ধরে অনুসরণ করা হচ্ছে সেটি বাংলাদেশের উন্নয়নের জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
বার্তাবাজার/নব