ঢাবিতে গতকাল কোনো হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়: লেখক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (২৩ মার্চ) কোনো হামলার সাথে ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে দেওয়ায় এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

লেখক বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে চলা অব্যাহত মিথ্যাচারের আরেকটি নমুনা আজকের এই হামলার অভিযোগ। ছাত্রলীগের সঙ্গে হামলার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।

বহিরাগতরা এই সংঘর্ষের সাথে জড়িত উল্লেখ করে তিনি বলেন, প্রগতিশীলতার নামে কিছু বহিরাগতরা অভ্যন্তরীণ কোন্দলে মারামারিতে লিপ্ত হয়েছিল। তারা ইট আর ডাব চালাচালি করেছে। ছাত্রলীগের অনেক কর্মী, যারা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে এসেছিল, তাদের ওপর ইট পাটকেল ছুড়েছে, তাতে কয়েকজন ছাত্রলীগ কর্মী এবং টিএসসিতে বেড়াতে আসা সাধারণ জনগণ আহত হয়েছেন।

তবে হামলার সাথে ছাত্রলীগের সম্পৃক্ততা উল্লেখ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, মঙ্গলবার বিকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর বর্বর হামলা চালিয়েছে। হামলায় আমাদের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা গুরুতর আহত হয়েছে।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাতে অংশ না নেয় সেজন্য মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ কর্মসূচীর আহ্বান করে প্রগতিশীল ছাত্র জোট। সেখানে দাহ করার জন্য রাখা মোদির কুশপুত্তলিকা ছিনতাইসহ বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনা ঘটে।

হামলায় দৈনিক মানবজমিন পত্রিকার ফটো সাংবাদিক জীবন আহমেদ এবং অন্যান্য গণমাধ্যকর্মীসহ আহত হন অন্তত ২০ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর