ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ভবন ভাঙচুর, থানায় অভিযোগ
ফরিদপুরের সালথায় রাতের আঁধারে প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা।
এ ঘটনায় বুধবার (২৪ মার্চ) দুপুরে প্রেসক্লাবের পক্ষে সহ-সভাপতি আজিজুর রহমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, মঙ্গলবার (২৩ মার্চ) দিবাগত রাতে উপজেলা ভূমি অফিসের পাশে নব-নির্মাণাধীন সালথা প্রেসক্লাবের ইটের দেওয়াল কে বা কাহারা ভেঙে গুড়িয়ে দেয়।
এদিকে বুধবার (২৪ মার্চ) সকালে প্রেসক্লাবের ভবনের দেওয়াল ভাঙ্গার খবর পেয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত গোলদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে সালথা প্রেসকাবের সভাপতি মো: সেলিম মোল্যা বলেন, এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
সালথা প্রেসকাবের সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম বলেন, সাংবাদিকদের প্রেসকাবের উপর আঘাত হানা মানে গণতন্ত্রের উপর আঘাত হানা। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত গোলদার বলেন, সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে অভিযোগ পেলে তদন্তপূবর্ক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ হাসিব সরকার বলেন, প্রেসকাব বা সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে। তাঁদের ক্লাবের ওপর আঘাত হানা বড় দুঃজনক। এব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, এব্যাপারে সালথা থানা ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি