টেন বল বিলিয়ার্ডের শিরোপা জিতলেন জুবেরি

টেন বল বিলিয়ার্ড ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস ২০২১’ এর শিরোপা জিতেছেন মুনতাসির জুবেরি। রানার্স আপ হলেন আল আমিন।

মঙ্গলবার (২৩ মার্চ) গুলশানে ‘দ্য অ্যারিনা আরকেবি’তে ফাইনাল অনুষ্ঠিত হয়। এরপর চ্যাম্পিয়ন-রানার্স আপসহ সেরা দশজনকে পুরস্কৃত করা হয়।

টুর্নামেন্টের আয়োজক রিয়াসাত করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক ফাহিম সিনহা। ‘হৃদয় অ্যান্ড উদয় মটরস’ এর পৃষ্ঠপোষকতায় আয়োজনের সহযোগী হিসেবে ছিল ‘মালিহা কে’।

সপ্তাহব্যাপী চলা এই টুর্নামেন্টে মোট ১৮ জন অংশ নেন। এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৩ লাখ টাকা। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন খেলোয়াড় ১ লাখ টাকা রানার্ন আপ পেয়েছেন ৫০ হাজার টাকা।

তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা খেলোয়াড়কে ৩৫ ও ২৫ হাজার টাকা, পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা খেলোয়াড়কে দেয়া হয় ২০ হাজার টাকা করে। সপ্তম ও অষ্টম স্থানে থাকা খেলোয়াড় পান ১৫ হাজার টাকা করে। অন্যদিকে নবম ও দশম স্থানে থাকা দুইজন পেয়েছেন ১০ হাজার টাকা করে।

‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস ২০২১’ টুর্নামেন্টে অংশ নেওয়া ১৮ প্রতিযোগী মোট ৭৬ ম্যাচে অংশ নেন। তাদেরকে ‘এ’ এবং ‘বি’ গ্রুপে ভাগ করা হয়। দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগীরা ৭২টি লিগ ম্যাচে খেলেন। এরপর এলিমিনেশন, কোয়ালিফাইং ওয়ান, কোয়ালিফাইং টু খেলার পর ফাইনালে শিরোপার লড়াই হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিলিয়ার্ড খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে আগামীতে আরও বড় পরিসরে নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর