রাত ৮টার মধ্যে সব বন্ধ করার আহ্বান মেয়র তাপসের

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় রাত ৮টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সব ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহ্বান জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৪ মার্চ) দুপুরে নগরীর গোপীবাগে বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে দুটো নিবেদন করব। যেহেতু দেশে আবারও করোনার সংক্রমণ বাড়ছে, তাই রাত ৮টার মধ্যে অবশ্যই সব দোকানপাট, সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন।

তিনি আরও বলেন, আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। রাত ৮টার মধ্যে সব বন্ধ হলে করোনার সংক্রমণও কমে আসবে। আমরা ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্নসহ স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সাধারণ আসন ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর