সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে রিজিয়া পারভীন (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকালে উপজেলার মৌতলা ইউনিয়নের পূর্ব মৌতলা গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত গৃহবধূ উপজেলার মৌতলা ইউনিয়নের পূর্ব মৌতলা গ্রামের শেখ শহিদুল ইসলামের স্ত্রী ও শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের চালতা ঘাটা গ্রামের মৃত আলী বক্স গাজীর মেয়ে।
স্থানীয় আরিজুল ইসলাম নামে এক যুবক জানান, সকালে তার চাচাত ভাই শহিদুল ইসলাম তাদের বাড়ির পাশে পুকুরের সামনে দাঁড়িয়ে বলছিল সকালে তার স্ত্রী পুকুরে গোসল করতে আসার পর আর বাড়িতে ফিরে আসেনি। স্থানীয়রা তখন তাকে পুকুরে নেমে দেখতে বলে। পুকুরের হাঁটু পানিতে নামতেই তার পায়ের সাথে স্পর্শ হয় গৃহবধূর নিথর দেহ। পরবর্তীতে গৃহবধূর নিথর দেহ উদ্ধার করলে স্থানীয় গ্রাম্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিজিয়া পারভীনের স্বামী শেখ শহিদুল ইসলাম বার্তা বাজারকে জানান, ভোরে তার স্ত্রীকে নামাজ পড়ার জন্য ডেকে দেন তিনি। ওই সময়ে তার স্ত্রী শুকনা কাপড় নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও তার স্ত্রী বাড়িতে না ফিরলে তিনি পুকুর ঘাটে যেয়ে খুঁজতে থাকে। পুকুরের পাড়ে শুকনা কাপড় ও জুতা থাকলেও তার স্ত্রীকে দেখতে পাননি তিনি। পরবর্তীতে পুকুরে নেমে তার স্ত্রীর নিথর দেহ খুঁজে পান। পানিতে ডুবে স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে স্থানীয়দের দাবি পুকুরে কোমর পানিতে একজন প্রাপ্ত বয়স্ক সাঁতার জানা নারীর ডুবে যাওয়া অস্বাভাবিক। গৃহবধূ রিজিয়ার মৃত্যুতে কোন রহস্য লুকিয়ে আছে বলে ধারণা তাদের।
মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম জানান, রিজিয়া ও শহিদুলের সুখের সংসার। তাদের পারিবারিক কোন কলহ ছিল না। পুকুরের পানিতে ডুবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, স্থানীয় ইউপি চেয়রম্যানের মাধ্যমে বিষয়টি তারা অবগত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি