ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩৯ ঘণ্টা পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর ভারতীয় সীমান্তে ভেসে ওঠা বাংলাদেশি যুবক সাইদুর রহমানের (২৪) মরদেহ ফেরত দিয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) রাতে তাহিরপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০৩ এস আর শাহিদাবাদ এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে নিহত সাইদুর রহমানের মরদেহ সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি ও তাহিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন লাউড়েরগড় বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক, তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল ইসলাম, ভারতীয় শিলং সেক্টরের ১১ বিএসএফের ক্যাপ্টেন অরবিন্দু সিং ও ভারতীয় পুলিশের কর্মকর্তারা।
নিহত সাইদুর রহমান তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলার লাকড়ী ব্যবসায়ী হাবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কয়লাশ্রমিক।
জানা গেছে, গত সোমবার (২২ মার্চ) ভোরে যাদুকাটা নদীর ভারতীয় অংশের ঘোমাঘাট এলাকায় বেশ কয়েকজন বাংলাদেশির সঙ্গে কয়লা তুলতে যান সাইদুর রহমান।
এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে তাড়া করলে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে আসার চেষ্টা করেন সাইদুর রহমান। বাকি সদস্যরা সাঁতরে নদী পার হয়ে এপারে চলে আসলেও সাইদুর রহমান পানিতে ডুবে মারা যান। পরে ভারতীয় সীমান্তের প্রায় এক কিলোমিটার ভেতরে নালিকাটা থানার ঘোমাঘাট এলাকায় সাইদুরের মরদেহ ভেসে ওঠে।
বার্তাবাজার/নব