বাধ্য হয়েই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মাশরাফি

২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে হুট করে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে বসেন মাশরাফি বিন মর্তুজা। টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও মাশরাফি এমন সিদ্ধান্ত নেন।

মাশরাফির এমন সিদ্ধান্ত অবাক করেছিল ভক্ত-সমর্থকদের। তবে মাশরাফি যে নিজের ইচ্ছায় টি-টোয়েন্টিকে অবসর নেননি সেটার ইঙ্গিত তখনই পাওয়া গিয়েছিল। এসব নিয়ে এরপর কথা বলেননি মাশরাফি। তবে দীর্ঘদিন পর সেই ব্যাপারে মুখ খুলেছেন মাশরাফি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে টস করতে গিয়ে অবসরের সিদ্ধান্ত জানান মাশরাফি। এবার এ নিয়ে মুখ খুলেছেন মাশরাফি। ওই সিরিজে অবসর নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না বলে জানান তিনি।

বেসরকারি টিভি চ্যানেল একাত্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ওইখানেও কিন্তু আমাকে করতেই হতো, এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল যে ওখানে আমাকে করতেই (অবসর) হতো। আমার সময়ে আমি কার থেকে সহযোগিতা পেয়েছি দেখান তো। ২০১১ বিশ্বকাপের আগে ডাক্তার আমাকে ছাড় দেয়ার পরও আমাকে দলে নেয়া হয়নি। এরপর ২০১৭ সালে যখন অবসরে গেলাম তখন আমি কাউকে কিছু বলিনি।

তিনি আরও বলেন, আমি যখন শ্রীলঙ্কায় টিম হোটেলে যাই, আমি তখনও ট্রাভেল স্যুটও খুলিনি। তখনই আমার সাথে একটা বৈঠকে বসে। ওটার পর আমি বুঝতে পারি কিছু একটা গোলমাল আছে। যখনই টি-টোয়েন্টি বিষয়টা আসে তখনই দেখি যে একটা অন্যরকম কিছু। আমি যখন বুঝতে পেরেছি সবার বিপক্ষে থাকার দরকার নাই।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর