সাবেক মন্ত্রীর ছেলে যুবলীগ নেতা তমালের প্রতাপে কাঁপে এলাকা!

পাবনার ঈশ্বরদীতে সাবেক ভূমমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে এখন উপজেলা যুবলীগের সভাপতি। শিরহান শরীফ তমাল নামে এই নেতার দুর্দণ্ড প্রতাবে কাঁপে পুরো এলাকা। তার বিরুদ্ধে আছে অবৈধভাবে জমি দখল, বাড়ি ঘরে হামলা চালিয়ে লুট ও নারীকে পেটানোর অভিযোগ।

সোমবার (২২ মার্চ) বিকেলে এসব ঘটনা ঘটানোর পর একই রাতে ভুক্তভোগীরা ঈশ্বরদী থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগসূত্রে জানা যায়, ঈশ্বরদী পৌরসভা সংলগ্ন দরিনরিচা এলাকায় সাড়ে ৯ শতাংশ জমির উপর স্থানীয় বাসিন্দা হায়দার আলী, তার স্ত্রী রোজিনা খাতুন, বৃদ্ধ মা ও সন্তানদের নিয়ে বসবাস করেন। ওই বাড়িতে নির্মাণকাজ চলাকালে সোমবার (২২ মার্চ) বিকেলে জমি দখলের উদ্দেশ্যে প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের নেতৃত্বে রফিকুল ইসলাম, শরিফ, মাসুম, রুটি শাহীন, জলিল, তৈয়ব, আরাফাত ওরফে ইথার, উচ্ছাস, ইমরান, শাকিল, আফরোজাসহ বেশ কয়েকজন লাঠিসোঠা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে বাড়ির সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়।

হামলার সময় তারা বাড়ির ভেতরে প্রবেশ করে নারী পুরুষকে মারপিট করে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। যাবার সময়ে ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা ও গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। তাদের মারপিটে আম্বিয়া খাতুন চম্পা (৪৮), আলেয়া খাতুন (৭০), রোজিনা খাতুন (৪৫), আশরাফ আলী (৩৪) আহত হয়। তারা স্থানীয়ভাবে ও পাবনা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়া হয়েছে। বসতঘরে ভাংচুর করা হয়েছে। হামলার শিকার পরিবারের লোকজন আতংক আর উৎকণ্ঠা এবং তমাল বাহিনীর ভয়ে পুরুষ শুন্য হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত হায়দার আলীর ছেলে আশিক হায়দার বিশাল বলেন, প্রয়াত মন্ত্রীর ছেলে যুবলীগ নেতা শিরহান শরিফ তমাল আমাকে ডেকে বলেন ‘তোমার বাড়িটা আমার প্রয়োজন। ওটা আমাকে দিয়ে দাও।’ আমি বা আমার পরিবারের লোকজন তার কথায় রাজি না হওয়ায় সে তার বাহিনী নিয়ে এসে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, মারপিট ও লুটপাট চালিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে।

হায়দার আলীর স্ত্রী রোজিনা খাতুন বলেন, আমার বাড়িটা সাড়ে আট বিঘার দাগের উপর। তার বাবার ( প্রয়াত ভূমিমন্ত্রী) সময়ে কাগজপত্র জাল দলিল করে অধিকাংশ জমি নিজেদের করে নিয়েছে। আমাদের উচ্ছেদের জন্য কোর্টে মামলা করে হেরে যাওয়ার পর আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা আমাদের বাড়ি ছাড়তে চাই না। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। আইনী সহায়তা চাই।

এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর