সরকারি প্রকল্পের লাখ লাখ টাকা আত্মসাৎ চেয়ারম্যানের, রয়েছে বিলাসবহুল বাড়ি
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ ৬জন ইউপি সদস্য। তারা মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বাদলের সকল দুর্নীতির প্রতিকার ও তার শাস্তির জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংরক্ষিত সদস্য শাহানা ইয়াসমিন উল্লেখ করেন, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল নারী লোভী, দুর্নীতিবাজ ও প্রকল্পের অর্থ আত্মসাৎকারী ব্যক্তি। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতার পরিচয় দিয়ে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন সরকারি প্রকল্পের লাখ লাখ টাকা আত্মসাৎ করছেন। আত্মসাৎকৃত অবৈধ টাকা দিয়েই লেঙ্গাবাজারে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। একজন শিক্ষক হয়েও তিনি ছাত্রীর ধর্ষক। মোস্তাফিজুর রহমান বাদল ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েই এক স্কুল ছাত্রীকে বিভিন্ন প্রলোভনে ধর্ষণ করেন।
এব্যাপারে মামলা হলে তিনি পর পর দু’বার জেলহাজতে আটক থাকেন। পরবর্তীতে মোটা অংকের টাকার বিনিময়ে ধর্ষিতার পরিবারের সাথে আপসরফায় রেহাই পেয়ে যান। কিন্তু তিনি এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে বর্তমানে একটি মামলার (নং ৪৯/৭৬২) আসামি। এ মামলাতেও তিনি জেলহাজত খেটে আদালতের অস্থায়ী জামিনে রয়েছেন। তার এ অপকর্মগুলো মুখবুঝে সহ্য করলেও ইউপির মহিলা সদস্যরা সংশ্লিষ্ট কাজে চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করতে কুণ্ঠাবোধ করেন। তিনি মহিলা সদস্যদের মিটিংয়ের নামে এককভাবে তার কক্ষে ডাকেন। এতে সাড়া না দিলে তিনি ওই সদস্যকে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ থেকে বিরত করেন। ফলে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।
ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়ায় তাকে স্থানীয় সরকার বিভাগ সাময়িক বরখাস্ত করে। কিন্তু সম্প্রতি উচ্চ আদালত থেকে পুনর্বহালের আদেশ পেয়ে তিনি আবারও বেপরোয়া হয়ে উঠেছেন। সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম ও শাবানা খাতুন আরো অভিযোগ করেন প্রায় রাতে চেয়ারম্যান বাদল ইউপি নারী সদস্যদের বাড়িতে ডাকেন তারা না গেলে বিভিন্ন ভাবে তাদের হয়রানী ও ন্যায্য অধিকার থেকে বিরত রাখা হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম