নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট হেরে এরই মধ্যে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। অথচ দ্বিতীয় ম্যাচটি জেতার কথা ছিল বাংলাদেশের। ক্যাচ মিস, বাজে ফিল্ডিংয়ের কারণে শেষ পর্যন্ত হারতে হয়েছে টাইগারদের।
ম্যাচে চারবার সুযোগ পাওয়া টম লাথাম ১১০ রানে অপরাজিত থাকেন। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এছাড়াও সুযোগ পেয়ে বেশ ভালোভাবেই তা কাজে লাগিয়েছেন ডেভন কনওয়ে ও জিমি নিশাম।
জীবন পেয়ে নিশাম ব্যক্তিগত স্কোরে আরও ২৭ রান ও লাথাম ৫২ রান যোগ করেন। যার মানে বাংলাদেশের দুই ক্যাচ মিসে তারা বাড়তি ৭৯ রান করেছেন। ক্যাচ মিস না করলে হয়তো ফল বাংলাদেশের পক্ষে থাকত।
ম্যাচশেষে টাইগার অধিনায়ক তামিম ইকবাল বলেন, এই ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। বোলাররা সুযোগ তৈরি করেছে, আমরা কাজে লাগাতে পারিনি। বিশেষ করে হাতছাড়া হওয়া ক্যাচগুলো…যখন এমন পরিস্থিতি আসে তখন সবকিছু শতভাগ নিখুঁতভাবে করতে হবে।
তিনি আরও বলেন, ক্যাচ হাতছাড়া হয়ে যায়, কেউ ইচ্ছে করে ক্যাচ মিস করে না। সবার সাথেই এমন হয়। পরেরবার সুযোগ এলে দুই হাতে সেই সুযোগ কাজে লাগাতে হবে। ওয়েলিংটনে আমাদের ইতিবাচক থাকতে হবে এবং আবারও তাদের চাপে ফেলতে হবে।
বার্তাবাজার/নব