তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান করে বাংলাদেশ।
জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দারুণভাবে খেলতে থাকা কিউই ওপেনার মার্টিন গাপটিলকে সাঝঘরে পাঠান মুস্তাফিজুর রহমান।
২৪ বলে ২০ রান করে ফিরেন গাপটিল। মুস্তাফিজের বলে তার হাতেই ধরা পড়ে ফিরেন তিনি। ৩ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। এরপর বোলিং করতে এসে নিজের প্রথম ওভারেই হেনরি নিকোলসকে ফেরান মেহেদী হাসান। মেহেদীর বল ড্রাইভ করেতে গিয়ে বোল্ড হয়ে ১৩ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন নিকোলস।
নিকোলসের পথে হাঁটেন উইল ইয়ংও। মেহেদীর বল উইকেট থেকে সরে গিয়ে খেলতে গিয়ে বোল্ড হন তিনি। দুই ওভারে দুই উইকেট শিকার করেন মেহেদী। ১ রান করে ফিরেন ইয়ং।
৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে দারুণভাবে চাপ সামলে খেলতে থাকেন ডেভন কনওয়ে ও টম লাথাম। বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই দুইজন।
১১৩ রানের জুটি গড়েন তারা। তামিমের সরাসরি থ্রোতে ভাঙে এ জুটি, ব্যক্তিগত ৭২ রানে কনওয়ে রান আউট হয়ে ফিরেন। কনওয়ে ফিরলেও জিমি নিশামের সঙ্গে লড়াই চালিয়ে যান লাথাম।
মাত্র ৪৪ বলে ৫০ রানের জুটি গড়েন তারা। বাজে ফিল্ডিং, রান আউটের সুযোগ ও ক্যাচ মিস করে ফিল্ডাররা। ম্যাচের ৩৭ ও ৩৮তম ওভারে ৩টি ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। মুশফিককে দিয়ে যার শুরু। বাকি দুইটি ক্যাচ ছাড়েন মিঠুন ও মেহেদী।
জয়ের ভিত গড়ে বিদায় নেন নিশাম। ৩৪ বলে ২ চারে ৩০ রান করে মুস্তাফিজের বলে সৌম্যর হাতে ধরা পড়ে ফিরেন তিনি। অন্যদিকে সেঞ্চুরি তুলে নেন লাথাম। ১০১ বলে ৮ চারে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
তবে শেষ পর্যন্ত ১১০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন লাথাম। তার সাথে ১২ রানে অপরাজিত ছিল ড্যারিল মিচেল। ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে কিউইরা।
বার্তাবাজার/নব