মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই গ্রামবাসী। এতে অন্তত ৭০ জন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ছাতকে।
মঙ্গলবার (২৩ মার্চ) সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মাঠে হাসনাবাদ ও করছখালী গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষে। সংঘর্ষে দুই গ্রামবাসী ইট-পাটকেল ও দেশি অস্ত্রের ব্যবহার করে। এ সংঘর্ষে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সোমবার সন্ধায় স্থানীয় হাসনাবাদ বাজারে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে করছখালী গ্রামের ওলিউর রহমান ও হাসনাবাদ গ্রামের রুহুল আমিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। দুই ঘণ্টা সংঘর্ষের পর স্থানীয় গণ্যমান্য লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
ঘটনার দীর্ঘ সময় পর ছাতক থানার ওসি তদন্ত মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সংঘর্ষের বিষয় নিশ্চিত করে ছাতক থানার ওসি নাজিম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বার্তাবাজার/নব