বোমায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা: ১৪ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে টুঙ্গিপাড়ার কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের একটি বোমা পুঁতে রাখার ঘটনায় দায়ের করা মামলায় ১৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এই রায় দেওয়া হয়।

এই মামলায় আদালত ৫০ সাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্য নিয়েছেন।

এর আগে, ২০০১ সালের ১৫ নভেম্বর তৎকালীন সিআইডির এএসপি আব্দুল কাহার আকন্দ এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এরপর ২০০৪ সালের ২১ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন।

এ মামলার ১৪ আসামির মধ্যে মো. আজিজুল হক ওরফে শাহনেওয়াজ, মো. লোকমান, মো. ইউসুফ ওরফে মোছহাব মোড়ল, মোছহাব হাসান ওরফে রাশু ও শেখ মো. এনামুল হক পলাতক রয়েছেন।

কারাগারে রয়েছেন ৭ আসামি। তাঁরা হলেন- মফিজুর রহমান ওরফে মফিজ, মাহমুদ আজহার ওরফে মামুনুর রশিদ, রাশেদুজ্জামান ওরফে শিমুল, তারেক, ওয়াদুদ শেখ ওরফে গাজী খান, আনিসুল ইসলাম ও সারোয়ার হোসেন মিয়া। দুই আসামি মাওলানা আমিরুল ইসলাম ওরফে জেন্নাত মুন্সী ও মাওলানা রফিকুল ইসলাম খান জামিনে রয়েছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর