ঘোড়া দৌড় দেখতে গিয়ে ঘোড়ার আঘাতে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে গিয়ে ঘোড়ার আঘাতে আহত হয়ে আব্দুল মান্নান তালুকদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) ভোররাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল মান্নান তালুকদার আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর-ব্রাহ্মণ জাটিগ্রাম মাঠে এক ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগ। সেখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে যান বৃদ্ধ আব্দুল মান্নান তালুকদার। ঘোড়া দৌড়ের একপর্যায়ে দৌড়ে অন্যত্র চলে যাওয়ার সময় ঘোড়ার নিচে পড়ে যায় সে। এসময় ঘোড়ার পায়ের আঘাতে মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান ‘বার্তা বাজার’কে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর