গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে মোট ১৩০ কোটি ফেক (ভুয়া) অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
সোমবার (২২ মার্চ) ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্ল্যাটফর্মটিতে গুজব বা যে কোনো ধরনের ভুল তথ্য প্রচার বন্ধে ৩৫ হাজারেরও বেশি কর্মী দিনরাত কাজ করছেন।
এক ব্লগপোস্টে ফেসবুক জানিয়েছে, তারা স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে করোনাভাইরাস ও এই ভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন সম্পর্কিত ১ কোটি ২০ লাখের বেশি ভুয়া তথ্য সম্বলিত পোস্টও সরিয়েছে।
মহামারি করোনাকালীন সময়ে ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভ্যাকসিন-সম্পর্কিত অসংখ্য ভুয়া তথ্য ছড়িয়ে পড়তে দেখা গেছে।
এসব ভুয়া তথ্যের প্রচার বন্ধে ফেসবুকের মতো প্রযুক্তি প্ল্যাটফর্মগুলো কী পদক্ষেপ নিচ্ছে, এ বিষয়ে সম্প্রতি তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জ্বালানি ও বাণিজ্য সংক্রান্ত একটি সংসদীয় কমিটি।
বার্তাবাজার/নব