পঞ্চাশের পঞ্চাশে তামিমের ইতিহাস

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ দল। এই ম্যাচে দারুণভাবে লড়াই করে নিজের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চাশতম হাফসেঞ্চুরি তুলে নেন তামিম।

মিচেল স্যান্টনারের বল লং অফে পাঠিয়ে এক রান নিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তামিম। ৮৪ বলে ৬ চারে তামিম হাফসেঞ্চুরি করেন। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৫০টি হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তামিম।

একই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলা ব্যাটসম্যান এখন তামিম। কিউইদের বিপক্ষে এটি তামিমের ষষ্ঠ অর্ধশত রানের ইনিংস।

শেষ পর্যন্ত তামিম থামেন ৭৮ রানে। ১০৮ বলে ১১ চারে এই ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি এখন তামিমের। এরপর আছেন সাকিব আল হাসান। সাকিবের হাফসেঞ্চুরি ৪৮টি।

এরপর মুশফিকুর রহিমের ৩৯, মাহমুদউল্লাহ রিয়াদের ২২ ও মোহাম্মদ আশরাফুলের ২০টি হাফসেঞ্চুরি রয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর