ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ পোস্টের সামনে বালুচরে দিনভর পড়ে আছে সাইদুর রহমান (২২) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টা অবধি বাঁধার মুখে বিএসএফ ক্যাম্পের পোস্টের সামনে বালুচরেই পড়ে ছিল মরদেহ।
নিহত সাইদুর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়গোপ টিলার হতদরিদ্র ঠেলাগাড়ি চালক হবি রহমানের ছেলে।
সোমবার বিকাল সাড়ে ৫টায় নিহতের পিতা হবি রহমান জানান, প্রতিদিনের ন্যায় আমার ছেলে সাইদুর সোমবার ভোররাতে জাদুকাটা নদীতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কয়লা কুঁড়াতে যায়। হয়ত অসাবধান বশত সীমান্তের ১২০৩ মেইন পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে কয়লা কুঁড়াতে গিয়ে সে মৃত্যুর মুখে পতিত হয়। এরপর অন্যান্য শ্রমিকদের মুখে সকাল ৭টার দিকে খবর পাই তার লাশ ভারতের মেঘালয়ের ঘোমাঘাট বিএসএসফ পোস্টের অদূরে জাদুকাটা নদীর পুর্ব তীরে বালু চরে পড়ে রয়েছে। আমার ছেলে ভারতে কেন কীভাবে মারা গেছে তাও নিশ্চিত হতে পারিনি।
তিনি আরও বলেন, খবর পেয়ে স্বজনদের নিয়ে ছেলের লাশ আনতে সীমান্তের শূন্য রেখা বরাবর গেলে ভারতীয় ঘোমাঘাট বিএসএফ ক্যাম্পের সদস্যরা লাশের কাছেই যেতে দেয়নি। এমনকি বাঁধার মুখে ফিরে এসে লউারগড় বিজিবি ক্যাম্পে অবহিত করি।
সোমবার সন্ধ্যায় ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. তছলিম এহসান বলেন, ওই যুবকের মৃত্যুর কারণ ও তার লাশ দেশে ফিরিয়ে আনতে ভারতের শিলং সেক্টরের ১১বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বশীল পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম