দেশের টিভি নাটকে কৌতুক চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয় অভিনেতা শামীম আহমেদ ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যার পর থেকে পরিবারের লোকজনের সাথে তার কোনো যোগাযোগ নেই বলে সোমবার (২৩ মার্চ) গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী আশামনি।
স্বামীর নিখোঁজ হওয়ার পর সন্ধানের জন্য রাজধানীর একটি থানায় জিডি করতে গিয়ে তিনি ফিরে এসেছেন। কোন জায়গা থেকে শামীম আহমেদ নিখোঁজ হয়েছেন তা স্পষ্ট করে না বলতে পারায় থানায় জিডি নেওয়া হয়নি।
আশামনি জানান, তারা রাজধানীর মালিবাগে থাকেন। সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে । গত ১৪ মার্চ ভোরে শুটিংয়ের জন্য গাজীপুরের উলুখোলার উদ্দেশ্যে তিনি (শামীম আহমেদ) হাসিমুখে বাসা থেকে বেরিয়ে যান।
তিনি বলেন, ১৪ ও ১৫ মার্চ সেখানে শুটিং করেছেন বলে আমাদের জানান। ১৬ মার্চ সকালে সেখান থেকে সিলেটে গিয়েছেন। এরপর ১৯ মার্চ রাতে আমাকে অন্য আরেকটি নম্বর থেকে কল দিয়ে জানান, তার ফোন কারা যেন ছিনিয়ে নিয়েছে। সিলেটে কোথায় যেন শুটিং করতে যাওয়ার পর বাধার মুখে ওখানকার মানুষ তার ফোন নিয়ে গেছেন। তিনি বাসে করে ঢাকায় আসছেন, বাসে তার পাশের সিটে থাকা যাত্রীর ফোন থেকে কল দিয়েছেন আমাকে। এরপর থেকে আর আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ওই যাত্রীকে কল দেওয়া হলে তিনি জানান, বাস থেকে টঙ্গীতে তিনি নেমে গিয়েছেন আর কিছুই জানেন না।
আশামনি আরও বলেন, আত্মীয়-স্বজন এবং ওনার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি উনি। কাদের সঙ্গে শুটিং করেছিলেন সেই তথ্য আমাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে আমরা পুরো পরিবার অসহায় হয়ে পড়েছি। কেউ ওনার কোনো ক্ষতি করল কি না, সেটা মাথায় ঘুরছে।
বার্তাবাজার/এসজে