পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপির তুমুল সংঘর্ষ

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে ক্ষমতাসীন বিজেপির লোকজনের তুমুল সংঘর্ষে একজনের প্রাণহানী ঘটেছে। রোববার (২১ মার্চ) রাজ্যের ঝাড়গ্রাম থানার নেতুরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তৃণমূল কর্মীর নাম দুর্গা সরেন (৫৫)। তার বাড়ি পিন্ডরা গ্রামে।

আনন্দবাজার পত্রিকা জানায়, দুর্গার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিলেও, তৃণমূলের অভিযোগ দুর্গাকে খুন করা হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। তবে বিজেপির স্থানীয় নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে অবরোধ করেন তৃণমূল কর্মীরা।

পুলিশ জানিয়েছে, একটা ঘটনা ঘটেছে, তদন্ত শুরু হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর জানা যাবে।

স্থানীয় সূত্র জানায়, গত রোববার দুপুরে দুর্গা ও তার স্ত্রী চিকিৎসককে দেখানোর জন্য নেতুরা গিয়েছিলেন। সে সময় স্থানীয় বিজেপির কিছু লোকজন তাদের অকথ্য ভাষায় গালাগালি করেন। এই ঘটনার জেরে সন্ধ্যার পরে নেতুরা বাসস্ট্যান্ডে কিছু তৃণমূল কর্মী ওই এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য মানিক সাউয়ের ভাই তারক সাউকে মারধর করে দুটি হাত ভেঙে দেয়।

তারককে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পর দুর্গা সরেনকে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুর্গাকে মৃত বলে ঘোষণা করেন।

রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ঝাড়গ্রাম হাসপাতালে গিয়ে বলেন, গালিগালাজের প্রতিবাদ করায় দুর্গাদাকে মরতে হল। উত্তরপ্রদেশের কালচার আনতে চাইছে। কেন্দ্রীয় বাহিনীর অধীনে রয়েছে, নির্বাচন কমিশন কী জবাব দেবে। আজ সোমবার থেকে জঙ্গলমহল জুড়ে প্রতিবাদ জানানো হবে।

তবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করে বিজেপির জেলা সভাপতি তুফান মাহাত বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। ঘটনাটি দুর্ভাগ্যজনক। পুলিশ বিষটি নিয়ে তদন্ত করছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর