নোয়খালীর বসুরহাটে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার ৭২ জন অনুসারী।
সোমবার (২২ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ ৭২ জনকে চার সপ্তাহের আগাম জামিন দেন।
এদিন দুটি মামলায় ৭২ জন আসামিকে হাজির করে জামিনের জন্য আবেদন করেন। উচ্চ আদালতে তাদের পক্ষে জামিন আবেদন শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ আহমেদ।
এর আগে বৃহস্পতিবার হাইকোর্টের একই বেঞ্চ আবদুল কাদের মির্জার অনুসারী আইয়ুব আলীসহ ৯ জনকে এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীসহ ৯৮ জন নেতাকর্মীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন।
এদের মধ্যে নোয়াখালীর কারাগারে গ্রেফতার থাকা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলও রয়েছেন।
উচ্চ আদালতে গত বৃহস্পতিবার ৯৮ জন আসামি হাইকোর্টের হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন। আদালতে তাদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও মোনায়েম নবী।
বার্তাবাজার/ই.এইচ.এম