ভুয়া টিভিতে সাংবাদিক বানানোর ‘কারখানার’ সন্ধান, গ্রেফতার ১০
রাজধানীর মতিঝিল ও হাতিরঝিলে অনলাইনে প্রচারিত ভুয়া টিভি চ্যানেল ‘বিএসটিভি’র (BSTV) নামে সাংবাদিক ও প্রতিনিধি নিয়োগকারী চক্রের মূলহোতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪ এর একটি দল।
সোমবার (২২ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।
তিনি বলেন, রাজধানীর হাতিরঝিল ও মতিঝিল এলাকা থেকে অনলাইনভিত্তিক ভুয়া টিভি চ্যানেলে (বিএসটিভি) সাংবাদিক প্রতিনিধি নিয়োগকারী প্রতারক চক্রের মূলহোতাসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিএসটিভি নিউজ ২৪’ নামে একটি ভুয়া অনলাইন টিভি চ্যানেলের জন্য বিভিন্ন জেলা ও এলাকায় প্রতিনিধি নিয়োগের কথা বলে চক্রটি বেকার যুবকদের কাছ থেকে টাকা আত্মসাৎ করতো।
গ্রেফতারকৃতরা হলো- শাহীন খান (৫০), নূর হোসেন ওরফে নুরুল ইসলাম নাহিদ (৩৭), রিয়াদ মাহমুদ (২৪), রিমন পারভেজ (২৬), জয়নুল আবেদীন (৫৫), আকবর হোসেন (৩৯), রাজিব হোসেন, (৩৯), রায়হান পারভেজ (২১), ইমরুল কাইয়েচ ওরফে ফয়েজ (২৫) ও আইয়ুব খান (৩০)। এসময় তাদের কাছ থেকে ক্যামেরা, কম্পিউটার, ভিজিটিং কার্ড ও ব্যানার উদ্ধার করা হয়।

র্যাব জানায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন অবৈধভাবে অনুমোদনহীন অনলাইনভিত্তিক ভুয়া স্যাটেলাইট টিভি চ্যানেল ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি (বিএসটিভি নিউজ ২৪)’ এর মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে সাংবাদিক প্রতিনিধি নিয়োগের কথা বলে শিক্ষিত বেকারদের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছিল।
চক্রের সদস্যরা নিজেরা বিভিন্ন দামি ব্র্যান্ডের গাড়িতে ফটোশপের মাধ্যমে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি (বিএসটিভি নিউজ ২৪)’ চ্যানেলের লোগো বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোর্টার নিয়োগের চটকদার বিজ্ঞাপন প্রচার করে আসছিল। ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি ১৫-২৫ হাজার টাকা হাতিয়ে নিতো তারা। এ কাজে মাঠ-পর্যায়েও তাদের সহযোগীরাও কাজ করতো।
গ্রেফতারকৃত চক্রের মূলহোতা শাহিন খান (৫০) এসএসসি পাস। ২০০৩ সালে মতিঝিল এলাকায় ট্রাভেল এজেন্সি ব্যবসার পাশাপাশি বেবি ফুডস-এর পরিবেশক হিসেবেও কাজ করে। এ ছাড়াও শাহিন বিদেশে লোক পাঠানোর উদ্দেশ্যে প্রায় ১২টি দেশে ভ্রমণ করেছে।
বার্তাবাজার/এসজে