সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নৈশ প্রহরী পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিত করেছে নিয়োগ বোর্ড।
জানা যায়, সোমবার (২২ মার্চ) সকাল ১০ টায় ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও নৈশ প্রহরী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিদিষ্ট সময়ে পরিক্ষা কেন্দ্রে দেখা মেলেনি সংশ্লিষ্ট নিয়োগ কমিটির। পরে নিরাশ হয়ে বাড়ি ফিরেছে প্রধান শিক্ষক পদে ৬ জন ও নৈশ প্রহরী পদে ৭ জন চাকুরি প্রত্যাশী।
ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সুরুজ্জামান সন্ধ্যায় স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, অনিবার্য কারণবশত প্রধান শিক্ষক ও নৈশ্য প্রহরী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
অপরদিকে নাম না প্রকাশ শর্তে নিয়োগ বোর্ডের এক সদস্য জানান, ক’দিন থেকেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ ওঠায় স্থানীয়দের তোপের মুখে পরীক্ষা স্থগিত করা হয়েছে। মূলত স্থানীয়দের তোপের কারণেই নিয়োগ বোর্ডে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি ও ডিজির প্রতিনিধি নিদিষ্ট সময়ে হাজির হননি। তাই কর্তৃপক্ষ বাধ্য হয়ে নিয়োগ স্থগিত করেছে।
অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মো. বাবুল আকতার অভিযোগ অস্বীকার করে বলেন, অর্থ লেনদেন হয়নি। তবে লেনদেনের গুজবের কারণে পরিক্ষা স্থগিত করেছে নিয়োগ বোর্ড। স্বচ্ছ নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও নৈপ্রহরী যোগদান করুক সেটা আমিও চাই।
এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল আলম মুঠোফোনে বলেন, নিয়োগ প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ ছিলো সে জন্য স্থগিত করা হয়েছে।
এমএমালেক/বার্তাবাজার/এসজে